প্রমোদভ্রমণ নিয়ে প্রশ্নের মুখে জাকারবার্গ!

৬ অক্টোবর, ২০২১ ১৫:০৪  
প্রবাদ আছে, রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর এবার ফেসবুক যখন হঠাৎ করেই অন্ধকারে চলে যায়, মার্কিন সিনেটে সাক্ষ্য দিতে শুরু করেন তাদেরই সাবেক ডেটা বিজ্ঞানী ফ্রান্সেস হাউগেন; তখন মূল কাণ্ডারী মার্ক জাকারবার্গ ছিলেন কোনো এক পাল তোলা নৌকায় প্রমোদভ্রমণে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ক্যাপিটল হিলে মূল দৃশ্যপটে তার এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেট অধিবেশনে উপস্থিত একাধিক সিনেটর। তাদেরই একজন ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তিনি বলেছেন, “আজকে মার্ক জাকারবার্গের উচিত আয়নায় নিজেকে দেখা। নেতৃত্ব না দেখিয়ে, দায়িত্ব নেওয়ার বদলে তিনি এখন প্রমোদতরীতে ঘুরে বেড়াচ্ছেন।” এর পরপরই জাকারবার্গের প্রমোদভ্রমণের তুলনায় গুরুত্ব বেশি পেতে থাকে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে তার ভূমিকা এবং অ্যালগরিদম ও অন্যান্য পণ্য বিষয়ক প্রশ্নে তার একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে। সাক্ষ্যে জাকারবার্গের দিকে আঙুল তুলে হাউগেন বলেছেন, ফেসবুক শিশুদের ক্ষতি করে, সমাজে বিভেদ বাড়ায়। শুনানিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থতা থেকে শুরু করে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে ফেসবুকে পরিবর্তন দরকার, এই সিদ্ধান্তে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক- উভয় রাজনৈতিক দলের সিনেটররা একমত হয়েছেন। তবে রাতে হাউগেনের অভিযোগ ‘ভুল ব্যাখ্যা’ বলে দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তবে প্রমোদভ্রমণ নিয়ে কোনো কিছুই বলেননি তিনি।